Ridge Bangla

১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ ফেরত দিতে আর বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শেয়ার বিক্রি করে সর্বোচ্চ ১০০ কোটি টাকার সমপরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রায় ফেরত নিতে বিদেশি বিনিয়োগকারীদের আর কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমতি নিতে হবে না। নতুন নীতির আগে এই সীমা ছিল ১০ কোটি টাকা।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংক একটি মাস্টার সার্কুলার জারি করে এই নীতিগত ছাড়ের তথ্য প্রকাশ করেছে। সার্কুলারে বলা হয়েছে, সুবিধাটি প্রযোজ্য হবে শুধুমাত্র শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বিক্রির ক্ষেত্রে। তবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে এ ছাড় প্রযোজ্য নয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে অর্থ ফেরত নিতে চাইলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমঝোতা চুক্তি থাকতে হবে। প্রতি শেয়ার বিক্রয় মূল্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উল্লেখিত শেয়ারপ্রতি সম্পদ মূল্যের (এনএভি) বেশি হতে পারবে না। ১ কোটি টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে অবশ্য মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে হবে।

এছাড়া, দেশি থেকে বিদেশি বা বিদেশি থেকে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার হস্তান্তরেও অনুমোদিত ডিলার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই লেনদেন সম্পন্ন করতে পারবে, যদি তা ন্যায্য মূল্যের ভিত্তিতে হয়। শেয়ার বিক্রির জন্য চুক্তি স্বাক্ষরের ৪৫ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো অসংগতি না থাকলে ডিলার ব্যাংক ৫ কার্যদিবসের মধ্যে অর্থ বিদেশে প্রেরণ করবে।

This post was viewed: 5

আরো পড়ুন