Ridge Bangla

‘ফ্যামিলি কার্ড’ বিতরণের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। উদ্বোধনী পর্বে পারবিন বেগম নামের এক নারীর হাতে প্রথম ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর পরিবেশিত হয় বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’। সংগীত চলাকালে প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই হাততালি দিয়ে সংগীতের সঙ্গে তাল মিলান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ।

কার্ড গ্রহণের পর এক নারী আনন্দ প্রকাশ করে বলেন, “আমরা ফ্যামিলি কার্ড পেয়ে খুবই খুশি। জীবনে কখনো ভাবিনি এমন একটি কার্ড পাবো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রধানমন্ত্রী যেন ভালো থাকেন এবং সবসময় গরিব মানুষের পাশে থাকতে পারেন।”

সরকারি এই কর্মসূচির আওতায় কার্ডধারী নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে এই ভাতার আওতায় আনা হয়েছে। এসব পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হবে।

পরীক্ষামূলকভাবে কর্মসূচিটি বাস্তবায়নের জন্য আগামী জুন পর্যন্ত চার মাসের জন্য মোট ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন