Ridge Bangla

নেশার টাকা জোগাতে মদনে শ্বশুরবাড়িতে চুরি, আটক জামাতা ও বাবা

নেশার টাকা জোগাড় করতে গিয়ে নিজের শ্বশুরবাড়িতেই চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক ও তার বাবা। রোববার (৮ মার্চ) দিবাগত রাতে নেত্রকোনার মদন পৌরশহরের শ্যামলী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও এলাকার তরুণ চন্দ্র কর্মকার (২২) ও তার বাবা বরুণ চন্দ্র কর্মকার (৪৫)। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে মদন পৌরশহরের বাসিন্দা অমূল্য চন্দ্র দাসের মেয়ের সঙ্গে তরুণের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্ত্রী ও বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে আসেন তিনি। পরে শ্যামলী রোড এলাকায় শ্বশুরের বাড়ির কাছাকাছি একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

এ সময়ের মধ্যে তরুণ মাদকাসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। প্রায় এক সপ্তাহ আগে নেশার টাকার জন্য বাবা ও ছেলে মিলে শ্বশুরের বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি করেন বলে স্থানীয়দের দাবি। ওই ঘটনার পর রোববার রাতে আবার একই বাড়িতে চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধরে ফেলেন।

আটকের পর তরুণ চন্দ্র কর্মকার দাবি করেন, তিনি আগে মাদক গ্রহণ করতেন, তবে এখন আর ইয়াবা সেবন করেন না। অন্যদিকে তার বাবা বরুণ কর্মকার জানান, আর্থিক সংকটের কারণেই স্বর্ণালংকার চুরি করে বিক্রি করেছিলেন, তবে কাজটি তাদের ভুল ছিল বলে স্বীকার করেন তিনি।

ভুক্তভোগী অমূল্য চন্দ্র দাস তার জামাতাকে মাদকাসক্ত উল্লেখ করে বলেন, বিয়ের পর থেকেই তরুণ মাদকসেবনের টাকা জোগাড় করতে গিয়ে তার মেয়ের সকল গয়না বিক্রি করে দিয়েছেন। সম্প্রতি নেশার টাকার জন্য বাবা-ছেলে মিলে তার বাড়িতে চুরি করেছেন। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন মেয়ের বাবা।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, ঘটনাটি পারিবারিক হওয়ায় ভুক্তভোগী পক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। তারা আপসের চেষ্টা করছে বলে জানিয়েছে। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 22

আরো পড়ুন