প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষা ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা না গেলে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করা হয়েছিল। সেই শিক্ষিত নারী সমাজকে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করছে। তারই অংশ হিসেবে পর্যায়ক্রমে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে দেশের ১৪টি এলাকায় কর্মসূচি শুরু হয়েছে এবং প্রায় ৩৭ হাজার নারী এর আওতায় এসেছেন। কড়াইল, ভাষানটেক ও সাততলা এলাকায় প্রায় ১৫ হাজার নারী কার্ড সুবিধা পাচ্ছেন। আগামী পাঁচ বছরের মধ্যে চার কোটি পরিবারের নারী প্রধানদের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু ও ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের কথাও উল্লেখ করেন তিনি।