ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর ছেলে মুজতবা হোসেইনি খামেনি দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে তার বাবার উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাতে সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করে। খবরটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা, রয়টার্স ও গার্ডিয়ান প্রকাশ করেছে। ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট সর্বশেষ ভোটাভুটিতে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
নতুন নেতা মোজতবা খামেনি তার বাবার দ্বিতীয় সন্তান। তিনি কখনো সরকারি কোনো দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশগ্রহণও করেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকাকালীন সময়ে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য।
নির্বাচনের পর অ্যাসেম্বলি সকলকে নতুন নেতার প্রতি সমর্থন প্রদানের আহ্বান জানায়। ইরানের রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও সশস্ত্র বাহিনী নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবার আনুগত্য ঘোষণা করেছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা সকল আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে প্রস্তুত থাকবে।
মোজতবা খামেনি ৫৬ বছর বয়সী। তার বাবা বৃদ্ধ হওয়ার পর থেকেই তাকে পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে দেখা হচ্ছিল। নতুন নেতা হিসেবে তার দায়িত্ব পালনের সময়কাল ইরানের ৪৭ বছরের ইসলামি প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মধ্যে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে হবে।