মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ট্রাম্পের ভাষ্য, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বাহিনী ইরানের ৪২টি নৌযান ধ্বংস করেছে। এছাড়া হামলায় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার বড় ধরনের ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, শুরুতে মার্কিন হামলাগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ট্রাম্পের দাবি, ওই হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র “অসাধারণ সাফল্য” পেয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।