ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমন্বিত নিবিড় ভোটার তালিকা বা এসআইআরের প্রতিবাদে কলকাতায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন। শুক্রবার দুপুর থেকে শহরের কেন্দ্রস্থল ধর্মতলার মেট্রো চ্যানেলে এই কর্মসূচি শুরু হয়।
অবস্থান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এসআইআরের নামে বহু প্রকৃত ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি, অনেক জীবিত ভোটারকে মৃত হিসেবে দেখানো হয়েছে এবং ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে।
মমতা বলেন, ‘অনেক মানুষ বেঁচে আছেন, অথচ তাঁদের মৃত দেখানো হয়েছে। এই ধরনের মৃতের তালিকায় থাকা ২২ জন জীবিত ভোটারকে আমরা এই অবস্থান মঞ্চে হাজির করছি।’
তিনি আরও অভিযোগ করেন, ভোটার তালিকা নিয়ে পরিকল্পিতভাবে কারচুপি করা হয়েছে। এ ঘটনায় তিনি তীব্র ভাষায় কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশনের সমালোচনা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তাঁর দলের নেতাকর্মী ও সমর্থকেরাও ধর্মতলায় অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।