Ridge Bangla

ইফতার মাহফিল বাতিল করলেন প্রধানমন্ত্রী

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত পূর্বঘোষিত দুটি ইফতার মাহফিল বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের সেবায় অধিক মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী জাঁকজমকপূর্ণ ইফতার আয়োজন থেকে বিরত থাকার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, আগামী ৮ মার্চ দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুটি ইফতার মাহফিল আয়োজনের সময়সূচি নির্ধারিত ছিল। তবে বর্তমান বাস্তবতায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের পরিবর্তে জনগণের কল্যাণমূলক কাজে মনোযোগ দেওয়াই অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন প্রধানমন্ত্রী।

তবে অন্যান্য নির্ধারিত দুটি ইফতার কর্মসূচি অপরিবর্তিত থাকছে। এর মধ্যে ৬ মার্চ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম শিশু, আলেম ও ওলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দুটি অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন। তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সময় কাটাবেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

This post was viewed: 9

আরো পড়ুন