নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদরাসা ও এতিমখানার সামনে চোর সন্দেহে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে।
বুধবার (৪ মার্চ) গভীর রাতে মাদরাসা প্রাঙ্গণে প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তাকে একটি আমগাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে ভোরের দিকে অসুস্থ হয়ে তিনি মারা যান।
ঘটনাটি নিয়ে এলাকায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ সরাসরি ঘটনার বিস্তারিত না জানালেও গুঞ্জন রয়েছে যে মাদরাসার কয়েকজন শিক্ষক মারধরে জড়িত ছিলেন। তবে মাদরাসা কর্তৃপক্ষ দাবি করেছে, স্থানীয় লোকজনের মারধরেই তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মান্দা থানার ওসি কে এম মাসুদ রানা জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।