দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই বিশেষ বাসসেবা চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই উদ্যোগের অংশ হিসেবেই বিআরটিসি ‘মহিলা বাস সার্ভিস’ চালুর পরিকল্পনা হাতে নিয়েছে।
জানা গেছে, এই বাসসেবাটি সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত হবে। বাসের চালকের আসনে থাকবেন প্রশিক্ষিত নারী চালক। পাশাপাশি বাস পরিচালনায় নারী কন্ডাক্টর ও নারী হেলপার দায়িত্ব পালন করবেন। ফলে বাসের পুরো পরিচালন ব্যবস্থাই নারীদের হাতে থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মজীবী নারী, শিক্ষার্থী ও সাধারণ নারী যাত্রীদের জন্য গণপরিবহনে যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। বিশেষ করে ব্যস্ত সময় ও দূরপাল্লার যাতায়াতে নারীরা বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
বিআরটিসি সূত্র জানায়, এই বাসসেবার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, জনবল প্রস্তুত এবং রুট নির্ধারণের বিষয়গুলো নিয়ে কাজ চলছে। প্রস্তুতি সম্পন্ন হলে পর্যায়ক্রমে রাজধানীসহ বিভিন্ন শহরে এই ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হবে।