রাজধানীর মেট্রোরেলে সিট দখল করে রাখার প্রবণতা ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সম্প্রতি এক বা দুই স্টেশন আগে উঠে আসন দখল করে রাখার অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
উত্তরাগামী যাত্রীদের অভিযোগ, কিছু যাত্রী উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে উঠে মতিঝিল স্টেশনে নেমে না গিয়ে সিটে বসেই থাকেন। পরে একই ট্রেনে আবার উত্তরার দিকে যাত্রা শুরু করেন। এ কারণে সচিবালয় বা শাহবাগ স্টেশন থেকে ওঠা অনেক যাত্রী কোনো আসন খালি পান না এবং ভোগান্তিতে পড়েন।
ঢাকা মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম জানান, যাত্রীদের এ ধরনের আচরণ বন্ধ করতে ট্রেন পরিচালনায় কিছু পরিবর্তন আনা হয়েছে। ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর পদ্ধতিতেও পরিবর্তন করা হয়েছে।
তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল স্টেশনে এসে প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। কিন্তু এখন ট্রেনের সংখ্যা বাড়ানোর ফলে যাত্রীরা মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো যাত্রী মতিঝিল স্টেশনে পৌঁছানোর পর একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। তাকে অবশ্যই ট্রেন থেকে নেমে অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে। এছাড়া প্ল্যাটফর্মে অবস্থানের সময়সীমাও কমিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের বেশি কেউ স্টেশন বা সিস্টেমের ভেতরে অবস্থান করলে তাকে জরিমানার মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।