পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ মার্চ) তৃতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ বিক্রি করা হচ্ছে আগামী ১৫ মার্চের ট্রেনযাত্রার টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং সার্ভারের ওপর অতিরিক্ত চাপ এড়াতে অঞ্চলভেদে দুটি আলাদা সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।
তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৫ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর একই দিনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর আগে ৩ মার্চ বিক্রি করা হয়েছে ১৩ মার্চের টিকিট এবং ৪ মার্চ বিক্রি করা হয়েছে ১৪ মার্চের টিকিট।
এ ছাড়া আগামী ৬ মার্চ ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ ১৮ মার্চের টিকিট এবং ৯ মার্চ ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।