পাবনার ঈশ্বরদীতে তরুণ-তরুণীকে গাছে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বুধবার (৪ মার্চ) সকালে ঘটে যাওয়া এ ঘটনা সম্পর্কে জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা কবিরুলের সঙ্গে ঈশ্বরদীর এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে তিনি ওই তরুণীর বাড়িতে অবস্থান করে রাত্রিযাপন করেন। পরদিন সকালে স্থানীয়রা তাদের দুজনকে একসঙ্গে ঘরে দেখতে পেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয়কে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
পরবর্তীতে ঘটনাটি সম্পর্কে জানাজানি হলে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সলিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মন্ডল ঘটনাটি শোনার কথা জানিয়ে বলেন, কাউকে এভাবে গাছে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পাবনা জেলা মনিটরিং কর্মকর্তা কামাল আহমেদ সিদ্দিকী এ ঘটনাকে অমানবিক উল্লেখ করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।