নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু (৪০) ওরফে ‘কিলার বাবু’ প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় লিটন নামে তার এক সহযোগী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার পঞ্চবটি মোড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ হামলার ঘটনা ঘটে। নিহত বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার বাসিন্দা। তার পিতা মৃত হাফিজ উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবুর বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তিনি ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, কারা এবং কী কারণে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বাবুকে মৃত ঘোষণা করেন। লিটন বর্তমানে চিকিৎসাধীন।