আগামী এক বছরের মধ্যে সারাদেশে পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভা শেষে তিনি এই তথ্য জানান।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সুস্বাস্থ্যের বাংলাদেশ ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির অগ্রগতিও একই দিনে পৃথক সভায় পর্যালোচনা করা হয়।
পরিবেশমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সভায় পরিবেশমন্ত্রীর পাশাপাশি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, সরকার তৈরি পোশাক শিল্পের পরে কার্বন বাণিজ্যকে দেশের অন্যতম প্রধান বাণিজ্য খাতে রূপান্তর করার পরিকল্পনা করছে।