Skip to main content

Ridge Bangla

এশিয়া কাপের অভিষেক ম্যাচে ভালো খেলেও শক্তিশালী চীনের কাছে হেরে গেল বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ও শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করেও হেরে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশ যে এতটা প্রতিরোধ গড়বে, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি খোদ চীনের কোচ।

শক্তির বিচারে অনেক পিছিয়ে বাংলাদেশ। র‌্যাংকিংয়ের দিক থেকে চীনের অবস্থান ১৭তম, অপরদিকে বাংলাদেশের অবস্থান ১১২তম। র‌্যাংকিংয়ের দিক দিয়ে এমন বিস্তর পার্থক্য থাকা সত্ত্বেও সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামের মাঠে নিজেদের সাধ্যমতো লড়াই করে লাল-সবুজের প্রতিনিধিরা শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে যায়।

চীনের ফুটবলাররা বাংলাদেশের চেয়ে ফিজিক্যালি ও টেকনিক্যালি অনেক এগিয়ে। তারপরও বাংলাদেশের মেয়েরা তাদের সঙ্গে ফিটনেস ঠিক রেখে সমানভাবে লড়াই করে নির্ধারিত ৯০ মিনিট পজিটিভ ফুটবলই খেলেছে। বল দখলের লড়াই কিংবা তাড়ায় খুব বেশি পেছনে ছিলেন না ঋতুপর্ণারা।

এশিয়ান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের চাইতে সবদিক দিয়ে এগিয়ে থাকা চীনকে প্রথম গোল পেতে ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুই গোল করে চীন, আর তাতেই হেরে যায় বাংলাদেশ।

ম্যাচে হারলেও চোখে চোখ রেখে লড়াই করেছেন ঋতুপর্ণা-আফঈদারা। পুরো ম্যাচে বেশ কয়েকবার চীনের দুর্গে হানা দেয় ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তারা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চীন। একের পর এক আক্রমণ করে তারা। তবে বাংলাদেশের ডিফেন্ডাররা তা আটকে দেন।

এশিয়া কাপে ঋতুপর্ণাদের এমন লড়াকু খেলায় মুগ্ধ হয়েছেন চীনের ক্রোয়াট বংশোদ্ভূত কোচ আন্তে মিলিচিক। অন্যদিকে, শিষ্যদের এমন লড়াকু প্রদর্শনীর পর ফুটবল ভক্তদের কাছে প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ কোচ পিটার বাটলারও।

This post was viewed: 84

আরো পড়ুন