Skip to main content

Ridge Bangla

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রেস সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক পরিবহন ব্যবস্থার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। গণপরিবহনে নারীদের ভোগান্তি, নিরাপত্তা ঝুঁকি ও হয়রানির বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হলে প্রধানমন্ত্রী দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন। তিনি নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর সম্ভাব্য রুট, যানবাহনের সংখ্যা ও ব্যবস্থাপনা কাঠামো নির্ধারণে দ্রুত প্রস্তাব তৈরির কথা বলেন।

সরকারি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ব্যস্ত রুটগুলোতে পরীক্ষামূলকভাবে এ সার্ভিস চালু করা হতে পারে। বাসগুলোতে নারী চালক ও সহকারী নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

This post was viewed: 35

আরো পড়ুন