দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, নেত্রকোণার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এসব কর্মকর্তাকে অবিলম্বে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাদের পরবর্তী কর্মস্থল ও দায়িত্ব নির্ধারণ করা হবে পরবর্তীতে জারি করা পৃথক আদেশের মাধ্যমে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।