ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী রাজনৈতিক দল খেলাফত মজলিস। রোববার (১ মার্চ) বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত হেনেছে। তিনি অভিযোগ করেন, আলোচনার মধ্যেই একটি স্বাধীন রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পরিপন্থী। তিনি আরও বলেন, একটি দেশের সার্বভৌমত্বে আঘাত হানা এবং বেসামরিক স্থাপনায় হামলার মতো ঘটনা মানবতাবিরোধী অপরাধের শামিল। ইরানের জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বিশ্ববাসীকে দেশটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়ে ড. আহমদ আবদুল কাদের বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই ইরানে হামলার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করতে হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।