অস্ট্রেলিয়ার অবকাঠামো ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক বিস্ময়কর অধ্যায়। সিডনি থেকে নিউক্যাসেল পর্যন্ত প্রস্তাবিত দ্রুতগতির রেল প্রকল্পের আওতায় নির্মিত হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম রেল টানেল। ১৯৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের প্রায় ৬০ শতাংশই থাকবে মাটির নিচে।
প্রকল্পের নকশা অনুযায়ী, টানা ৬৫ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গপথ নির্মাণ করা হবে। এটি বর্তমান বিশ্বের দীর্ঘতম রেল টানেল গোথার্ড বেস টানেলের ৫৭ কিলোমিটার দৈর্ঘ্যকে ছাড়িয়ে যাবে। ফলে বৈশ্বিক প্রকৌশল মানচিত্রে নতুন রেকর্ড গড়বে অস্ট্রেলিয়া।
এই অত্যাধুনিক ভূগর্ভস্থ পথে ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন। এর ফলে সিডনি থেকে নিউক্যাসেলের বর্তমান আড়াই ঘণ্টার যাত্রাসময় কমে মাত্র ৬০ মিনিটে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। দ্রুত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আঞ্চলিক অর্থনীতি, কর্মসংস্থান ও নগরায়ণে বড় ধরনের পরিবর্তন আসবে বলে বিশ্লেষকদের ধারণা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ পরিবহন বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতার এক অনন্য উদাহরণ।