Ridge Bangla

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মা–ছেলের মৃত্যু, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় সাফায়েত হোসেন শাওন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো।

এর আগে সোমবার বিকেলে ঢাকা নেওয়ার পথে শাওনের মা নুরজাহান বেগম মারা যান। নিহতদের স্বজন সোহাগ পাটোয়ারী জানান, শাওনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া বিস্ফোরণে দগ্ধ অপর সাতজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের আগমনের আগেই স্থানীয়রা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের সময় অনেক ধোঁয়া ও আগুন তীব্র ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, রান্নাঘরে গ্যাস লিক বা অগ্নিসংযোগের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

This post was viewed: 22

আরো পড়ুন