মাত্র ২০০ টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চট্টগ্রাম নগরীতে এক অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন। নিহত ওই অটোরিকশাচালকের নাম মো. সাকিব। বন্দর থানাধীন পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকার রহিম কন্ট্রাক্টরের টিনশেড কলোনির সামনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সাকিব তার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের জন্য পরিচিত আরেক অটোরিকশাচালক মো. আব্দুল হাসান রিফাতের সহায়তা নেন। এ কাজে পারিশ্রমিক হিসেবে রিফাতকে ২০০ টাকা দেওয়ার কথা ছিল সাকিবের। টাকা তোলার পর প্রতিশ্রুতি অনুযায়ী সাকিব রিফাতকে ২০০ টাকা না দিয়ে খারাপ আচরণ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।
একপর্যায়ে রিফাতের হাতে থাকা ফল কাটার ছুরির আঘাতে সাকিব মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, তারা দুজনই নোয়াখালী জেলার বাসিন্দা। নিহত সাকিবের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। অপরদিকে অভিযুক্ত রিফাত নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকার বাসিন্দা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।