Skip to main content

Ridge Bangla

মৃত্যু পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না গয়েশ্বর চন্দ্র রায়

মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিনি আগে থেকেই জানতেন যে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না। তবুও শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না। তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যের দায়িত্ব পালন করাই তার প্রধান লক্ষ্য। মানুষের পক্ষে কথা বলা, নিয়ম প্রতিষ্ঠা করা এবং ন্যায়বিচারের জন্য কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার সঙ্গে সংশ্লিষ্ট একটি বাগ্বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি ব্যাখ্যা দেন। গয়েশ্বর জানান, মন্ত্রিসভায় ডাক পেলে আগেই অবহিত করা হতো। একজন সিনিয়র নেতা হিসেবে তাকে সামনের সারিতে বসার আসন দেওয়া হলেও এক কর্মকর্তা মন্ত্রী ছাড়া অন্য সবাইকে আসন ছেড়ে দিতে বলেন। এমনকি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ডাকার হুমকিও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

এ পরিস্থিতিতে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। পরে অনেকের অনুরোধে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও সেটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন।

সভায় স্থানীয়রা মাদক ও সন্ত্রাসী কার্যক্রম, গ্যাস ও বিদ্যুৎ সংকট, সড়ক সংস্কার, যানজট ও দখল বাণিজ্যসহ নানা সমস্যা তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে গয়েশ্বর বলেন, দীর্ঘদিনের সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়, তবে পর্যায়ক্রমে সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন।

This post was viewed: 33

আরো পড়ুন