Ridge Bangla

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান, ২২ জন জেলে আটক, নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের অভিযানে ৪১০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ দুটি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ২২ জন জেলেকে আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সংরক্ষিত বনাঞ্চলের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান পরিচালনা করে এসব জেলেকে আটক করা হয়। পরে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদের লোকালয়ে নিয়ে আসা হয়। অভিযানের সময় জব্দকৃত দুটি ট্রলার থেকে দড়িবড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, আটক জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ট্রলার ও সরঞ্জাম বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা নিষিদ্ধ শাপলা পাতা মাছ মাটির নিচে পুঁতে ফেলা হবে।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষিত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বনজ সম্পদ সংরক্ষণে ইতিবাচক ফল পাওয়া যাবে।

This post was viewed: 19

আরো পড়ুন