Ridge Bangla

গাইবান্ধায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার শাহানা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন অটোরিকশার যাত্রীরা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন গাইবান্ধা পূর্বপাড়ার ব্যবসায়ী গৌতম এবং অটোরিকশাচালক আল আমিন। এদিকে দুর্ঘটনায় আহত আরও দুইজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

This post was viewed: 21

আরো পড়ুন