Skip to main content

Ridge Bangla

ইসিতে বড় রদবদল: একযোগে ১১২ উপজেলা নির্বাচন কর্মকর্তার বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল আনলো নির্বাচন কমিশন (ইসি)। দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে কমিশন। আগামী ১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে এবং যথাযথভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা দায়িত্ব হস্তান্তর না করলে ওই দিন অপরাহ্ণ থেকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।

ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে এটি কমিশনের সবচেয়ে বড় বদলি উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার পর্যায়ে বড় পরিসরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সেই প্রেক্ষাপটেই মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।

উল্লেখ্য, একই দিন ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। বৈঠকে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

This post was viewed: 36

আরো পড়ুন