প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিযোগিতাটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে নজরুল ইসলাম খান তরুণ প্রজন্মের গণতান্ত্রিক চর্চায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অতীতে দলীয়করণ ও আত্মীয়করণের কারণে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন ও কার্যকর করতে নবগঠিত সরকার সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের যে বার্তা দিচ্ছে, তা ইতিবাচক সূচনার ইঙ্গিত বহন করে।
তিনি আরও বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সচেতন নাগরিক সমাজ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বিতর্কের মতো বুদ্ধিবৃত্তিক চর্চা গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।