Ridge Bangla

মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী

সরকার দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার পূর্ণ সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দরের পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমকে মোংলা বন্দরকেন্দ্রিক করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, বন্দরকে আধুনিক ও গতিশীল করার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও পরিকল্পনা গ্রহণ করা হবে।

বিগত সরকারের সময় মোংলা বন্দরের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি বাতিল হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “চুক্তিগুলো আমরা পর্যালোচনা করব। যদি তা দেশের স্বার্থ রক্ষা করে এবং আমাদের জন্য সহায়ক হয়, তাহলে সেগুলো পুনর্বিবেচনা করে কার্যকর রাখা হবে।”

শেখ রবিউল আলম উল্লেখ করেন, জাতীয় অর্থনীতিতে মোংলা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এটিকে দেশের অন্যতম সফল ও পূর্ণাঙ্গ সামুদ্রিক বন্দরে পরিণত করা সম্ভব। বর্তমানে রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলেও তা আরও আধুনিকীকরণ ও গতিশীল করা প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা বাস্তবায়ন করা হলে মোংলা বন্দরকে সক্ষম ও সফল বন্দরে রূপান্তর করা সম্ভব। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে বন্দরের ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে।

This post was viewed: 4

আরো পড়ুন