নির্বাচন কমিশন (ইসি) আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যেই জাতীয় ভোটার দিবসের তারিখ নির্ধারণ করেছে। ভোটার দিবসের বিস্তারিত কর্মসূচি আগামী এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, “অন্যান্য বছরের মতো এবারও নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে যথাযথভাবে জাতীয় ভোটার দিবস উদযাপন করবে। কর্মসূচিতে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজ অংশগ্রহণ করবে।”
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার ১ হাজার ২৩২ জন।
প্রতিবছরের মতো এই দিবসটি ভোটার সচেতনতা বৃদ্ধি, ভোটাধিকার সংরক্ষণ ও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকে উৎসাহিত করার উদ্দেশ্যে উদযাপিত হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের প্রতিটি অঞ্চলে যথাযথভাবে অনুষ্ঠান আয়োজন করা হবে এবং নাগরিকদের ভোটাধিকার বিষয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।