Ridge Bangla

জাতীয় দলের ফুটবলারদের দ্রুত বেতনের আওতায় আনছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা এতদিন বাফুফের চুক্তিবদ্ধ ফুটবলার ছিলেন না, যেখানে বাংলাদেশের নারী ফুটবলাররা বাফুফের চুক্তিবদ্ধ ফুটবলারের তালিকায় ছিলেন। দীর্ঘদিন পর এবার পুরুষ ফুটবলারদের বাফুফের চুক্তিবদ্ধ ফুটবলারের পাশাপাশি জাতীয় বেতন কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

জাতীয় দলের হয়ে খেলার কারণে অবশ্য সম্মানী পান হামজা-সামিতরা। নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সাবেক ফুটবলার আমিনুল ইসলাম ক্রীড়াবিদদের দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া শুরু করেন। তারই ধারাবাহিকতায় হামজা-সামিতসহ জাতীয় দলের সকল ফুটবলারকে দ্রুত বেতনের আওতায় আনতে যাচ্ছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী।

উক্ত বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিন ফুটবলারদের জন্য মাঠের সমস্যা রোধকল্পে নানান উদ্যোগের কথা জানান। বিশেষ করে ফিফার অনুদানে ফুটবল ফেডারেশন তিনটি মাঠ সংস্কারের পর তাদের হাতে হস্তান্তর করার কথা বলেন। মাঠ তিনটি হচ্ছে কমলাপুর স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, “এই তিনটি মাঠকে আমরা আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেব ইনশা আল্লাহ।”

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বেতন কাঠামোর ব্যাপারে বলেন, “আমরা বিশ্বাস করি, আমরা যখন আমাদের এই ফুটবলারদেরকে বেতন কাঠামোর ভেতরে নিয়ে আসব, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের তৃণমূল থেকে শুরু করে যারা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল দলে খেলতে চায়, তারা অনেক বেশি উৎসাহিত হবে। তারা আগ্রহ প্রকাশ করবে এই ভেবে যে ‘বাংলাদেশ দলে খেললেই সরকারের পক্ষ থেকে চুক্তিভিত্তিক যে বেতন কাঠামোর ভেতরে বেতন পাবে।’ এটি অনেক বেশি উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি।”

This post was viewed: 6

আরো পড়ুন