Ridge Bangla

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

তিনি জানান, মাদকবিরোধী অভিযানের সময় এক শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন