চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও বিভিন্ন ধরনের ১৫টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সম্মিলিত অভিযানে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দকৃত পণ্য পরবর্তীতে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
পণ্যসহ আটক হওয়া ওই যাত্রীর নাম মোহাম্মদ হোসেন জাহেদ হাবিব। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পশ্চিম ফরহাদাবাদ এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট ওই যাত্রীকে মৌখিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮ দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছায়। ওই ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এতে ২৭০ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট এবং ১৫টি স্মার্টফোন পাওয়া যায়।
জব্দকৃত মোবাইলের মধ্যে পাঁচটি আইফোন ও ১০টি গুগল পিক্সেল সেট রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্ধার হওয়া পণ্যের বিপরীতে মোট ৯ লাখ ৯০ হাজার টাকা শুল্ক ও কর আদায় করা হয়েছে। এর মধ্যে সিগারেটের জন্য ৫ লাখ ৪০ হাজার টাকার পাশাপাশি মোবাইল ফোনের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়।