Skip to main content

Ridge Bangla

স্থগিতাদেশ কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি ভিসা সেবা

সম্প্রতি কূটনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা উদ্বেগের জেরে বন্ধ থাকা ঢাকা–দিল্লি ভিসা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পাল্টাপাল্টি স্থগিতাদেশের পর অবশেষে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় ভিসা প্রদান কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত ইন্ডিয়া টুডে–এর এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সকাল থেকেই ভারতীয়দের জন্য সব ধরনের বাংলাদেশি ভিসা সেবা চালু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মাথায় দুই দেশের সম্পর্কে এ অগ্রগতি দেখা গেল।

এর আগে বৃহস্পতিবার ভারতীয় কর্তৃপক্ষ থেকেও জানানো হয়, শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হবে।

গত বছরের ডিসেম্বর মাসে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্কে অবনতি ঘটে। ওই ঘটনার রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ হয় এবং কার্যালয়ে ঢিল নিক্ষেপের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পাল্টা পদক্ষেপ হিসেবে পরদিন দিল্লি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে নির্বাচন-পরবর্তী সময় থেকে পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ফল ঘোষণার দিন বিকেলে তিনি টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলেন এবং নতুন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশগ্রহণের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। তার পরিবর্তে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

গত বৃহস্পতিবার সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানান, খুব শিগগিরই ভারতীয় ভিসা প্রক্রিয়া পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

This post was viewed: 51

আরো পড়ুন