Ridge Bangla

বরিশালে ‘হানিট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেফতার, নিজের স্ত্রীই ছিল টোপ

বরিশাল নগরীতে নিজের স্ত্রীকে ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া এক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি প্রথমে হানিট্র্যাপে ফেলে টার্গেট করা ব্যক্তিকে নির্জন স্থানে ডেকে আনত, তারপর কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকার জন্য ব্ল্যাকমেইল করত বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

পুলিশ জানায়, ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা ফয়জুল কবির এই চক্রের প্রতারণার শিকার হয়ে গত ১১ ফেব্রুয়ারি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, শাহিন নামের এক ব্যক্তি নিজের স্ত্রীকে দিয়ে মুঠোফোনের মাধ্যমে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এবং তাকে বরিশালে আসার আমন্ত্রণ জানান।

ফয়জুল বরিশাল পৌঁছালে তাকে কৌশলে নগরীর কলেজ রোড এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে চক্রের সদস্যরা তার আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তিনজনকে শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেয়। তারা হলেন, শাহিন ওরফে ঝাড়ুদার শাহিন, সাগর হাওলাদার ও সাইফুল ইসলাম। পুলিশ জানিয়েছে, গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের বাসিন্দা শাহিন ইতিপূর্বেও মাদকসহ একাধিক অপরাধে গ্রেফতার হয়েছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

This post was viewed: 8

আরো পড়ুন