পবিত্র রমজানের প্রথম দিন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে ঢাকার মেট্রোরেল। রমজান মাসের অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন এই নিয়মে মেট্রোরেল চলাচল করবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে ভিন্ন সময় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট, সকাল ৭টা ১১ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং বিকেল ও রাতের বিভিন্ন সময় হেডওয়ে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে থাকবে। মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়েও অনুরূপভাবে নির্ধারিত হয়েছে।
রমজান উপলক্ষে মেট্রোরেল ও স্টেশন এলাকায় যাত্রীরা শুধু ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি পড়া থেকে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল অবশ্যই ডাস্টবিনে ফেলা বাধ্যতামূলক। কোনো ধরনের খাবার প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে গ্রহণ করা যাবে না।
ডিএমটিসিএল জানিয়েছে, শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। নতুন রমজানি সময়সূচির মাধ্যমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাত্রা নিশ্চিত করা হবে।