আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড-সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড চালুর বিষয়টি উল্লেখ রয়েছে। এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমটি মূলত সার্বজনীনভাবে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ রাখা হবে না। তবে বাস্তবায়ন প্রক্রিয়াকে কার্যকর করতে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে হতদরিদ্র পরিবারগুলোকে এই সুবিধার আওতায় আনা হতে পারে। পরবর্তীতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে।
মন্ত্রী আরও জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম চালুর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আগ্রহ রয়েছে। পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে এর কার্যকারিতা যাচাই-বাছাই করা হবে।
এ বিষয়ে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিরা অংশ নেন। সভায় ফ্যামিলি কার্ড বিতরণের পদ্ধতি, উপকারভোগী নির্বাচন এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে আলোচনা করা হয়। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রয়োজনীয় সহায়তা পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।