নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণে কাজ করতে হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। এ প্রত্যাশা পূরণে নির্বাচনি ইশতেহারের বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোয় গণতান্ত্রিক সংস্কার আনতে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জনবল নিয়োগের বিষয়েও গুরুত্ব দেন মন্ত্রী।
তিনি বলেন, নতুন জনবল নিয়োগের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুমোদনের বিষয় রয়েছে। সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে একটি সমন্বিত ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের কাছ থেকে সুপারিশমালা তৈরির নির্দেশ দেন। এ সুপারিশের ভিত্তিতেই সংস্কার কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম-সহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।