নতুন বছরের প্রথম মাসেই দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৮৭ জনের। জানুয়ারি মাসজুড়ে ৫৫৯টি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ১৯৪ জন। নিহতদের বড় অংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন সংবাদমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৪০ দশমিক ২৪ শতাংশ। এছাড়াও মোট নিহতদের মধ্যে ৬৮ জন নারী ও ৫৭ জন শিশু রয়েছে।
এ ছাড়া চারটি নৌ-দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু ও ৭ জন আহত হয়েছেন। রেলপথে ৪১টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৩২ জনের, আহত হয়েছেন ১৭ জন।
যানবাহনভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেল আরোহীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পাশাপাশি থ্রি-হুইলার, ট্রাক ও বাসের যাত্রীদের মধ্যেও উল্লেখযোগ্য প্রাণহানির ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার প্রকৃতি বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে সংঘটিত দুর্ঘটনার সংখ্যা সর্বাধিক। এছাড়া মুখোমুখি সংঘর্ষ, পথচারীকে ধাক্কা দেওয়া এবং পেছন থেকে আঘাতের ঘটনাও উল্লেখযোগ্য সংখ্যায় ঘটেছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। অন্যদিকে সিলেট বিভাগে তুলনামূলকভাবে কম প্রাণহানির তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়কব্যবস্থা, অতিরিক্ত গতি, চালকের অদক্ষতা, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণকারী সংস্থার সক্ষমতার সীমাবদ্ধতাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।