Skip to main content

Ridge Bangla

জামানত হারিয়েছেন ৬৬ শতাংশ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে বিপুলসংখ্যক তাদের নির্বাচনী জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মোট প্রতিদ্বন্দ্বিতাকারী ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৩৪৭ জনই জামানত হারিয়েছেন। অর্থাৎ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অন্তত ৬৬ শতাংশ নির্ধারিত সংখ্যক ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের ৫১টি রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বোচ্চ ২৯১টি আসনে প্রার্থী দেয় এবং তাদের কোনো প্রার্থী জামানত হারাননি। অন্যদিকে বিরোধী দলের আসনে বসতে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৯টি আসনে প্রার্থী দিলেও তাদের তিনজন প্রার্থী নির্ধারিত ভোটসংখ্যা না পাওয়ায় জামানত হারিয়েছেন।

এ ছাড়া বিগত সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ১৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে দলটির মাত্র পাঁচজন প্রার্থী জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন। বাকি প্রার্থীরা প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানতের অর্থ হারিয়েছেন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি আসনে অংশ নিয়ে তিনজন প্রার্থীর জামানত হারিয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এবার প্রার্থীদের জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। একজন প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে প্রদত্ত ভোটের অন্তত এক-অষ্টমাংশ অর্জন করতে হয়। এ সীমার নিচে ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়।

প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে ভোট হয়নি। এছাড়া চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের ফলাফলে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও বিজয়ী হয়েছেন।

This post was viewed: 37

আরো পড়ুন