Skip to main content

Ridge Bangla

তারেক রহমানের নেতৃত্বে বিজয়ী জোটকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোটকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন তারা।

নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রক্ষমতা মহান আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নেয়ামত এবং একই সঙ্গে কঠিন আমানত। এটি শুধু সম্মানের বিষয় নয়, বরং জনগণের অধিকার নিশ্চিত করার গুরুদায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য নতুন সরকার সততা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবে এবং দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

বিবৃতিতে নতুন সরকারের প্রতি কয়েকটি প্রত্যাশাও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে মসজিদ-মাদ্রাসা ও আলেম-ওলামাদের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের ধর্মীয় ও মানবাধিকার সংরক্ষণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি। পাশাপাশি ইসলামি শিক্ষা ও সংস্কৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হেফাজত নেতারা বলেন, সহিংসতা কোনো জাতির জন্য কল্যাণকর নয়। সন্ত্রাস দমনে কঠোর ও ন্যায়ভিত্তিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। তরুণ প্রজন্মকেও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।

This post was viewed: 42

আরো পড়ুন