টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনাসেতু-ঢাকা মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় এক ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার যমুনা জোকারচর গোহালিয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকার বাসিন্দা আমজাদ আলীর ছেলে ভ্যানচালক আমির আলী (৪০) এবং একই এলাকার মান্নানের ছেলে শরিফ উদ্দিন (৪১)। দুর্ঘটনার সময় শরিফ উদ্দিন ভ্যানগাড়ির যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের জোকারচর গোহালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক আমির আলী ও যাত্রী শরিফ উদ্দিন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরিফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার অবস্থার অবনতি হলে তিনিও মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।