Skip to main content

Ridge Bangla

জামায়াত কর্মীদের দোকান ভাঙচুরের অভিযোগে কৃষক দল নেতা বহিষ্কার

ফেনীর ফুলগাজী উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মীদের চারটি দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগের পর কৃষক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিরহাট বাজারের পোস্ট অফিস রোডে অবস্থিত জামায়াত নেতা আনোয়ার হোসেনের ‘আনোয়ার ফ্যাশন সুজ’ ও ‘ভাই ভাই ক্রোকারিজ’সহ মোট চারটি দোকানে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ ঘটনায় কৃষক দলের স্থানীয় এক নেতা ও যুবদলের দুই কর্মী জড়িত ছিলেন।

এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

অব্যাহতি পাওয়া মো. সুমন মুন্সিরহাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে সম্পৃক্ত থাকায় তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী-১ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম বলেন, নির্বাচনের পরদিনের ঘটনায় অভিযুক্তকে বহিষ্কার করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, কে কাকে ভোট দিয়েছে সেই পার্থক্য না করে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

This post was viewed: 39

আরো পড়ুন