ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তারেক রহমান। কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, দেশের কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য শত উস্কানির মুখেও দলের সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
দলমত, ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত নির্বিশেষে দুর্বলের ওপর সবলের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে কোথাও কোথাও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে সেই বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের পর প্রথম সংবাদ সম্মেলনে নতুন সরকারের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে দেশ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।