Skip to main content

Ridge Bangla

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী ‘নতুন বাংলাদেশের’ প্রথম নির্বাচিত সরকার আজ দায়িত্ব নিতে যাচ্ছে। দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তী শাসনের অবসান ঘটিয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

প্রথা অনুযায়ী বঙ্গভবনে শপথ আয়োজনের পরিবর্তে এবার জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত সংসদ ভবন সংস্কার করে দক্ষিণ প্লাজায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ ও ভিভিআইপি জোন। দেশি-বিদেশি প্রায় এক হাজার আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে ধাপে ধাপে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। পরে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হবে। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হবে।

শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কিছু সড়কে যান চলাচল সীমিত রাখার নির্দেশ দিয়েছে ডিএমপি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিদায়ী ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। নতুন সরকারের পথচলা শুরু হচ্ছে আজ থেকেই।

This post was viewed: 30

আরো পড়ুন