নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আবাসনের জন্য রাজধানীতে ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তবে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি বাসভবন এখনো চূড়ান্ত করা হয়নি বলেও জানান তিনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুতকৃত বাসাগুলো রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় অবস্থিত বলে জানান তিনি। প্রয়োজনে আরও কয়েকটি বাসা প্রস্তুতের কাজও চলমান রয়েছে। শপথ গ্রহণের সময়ের মধ্যেই এসব আবাসন সম্পূর্ণভাবে ব্যবহারের উপযোগী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়ার পর গত ১৮ মাসে সরকার জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছে। দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে দেশকে বের করে একটি নতুন গতিপথে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।