অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ অনুষ্ঠানে জাতীয় পতাকাবাহী গাড়িতে করে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে শপথ শেষে একই গাড়িতে বাসায় ফিরলেও তখন আর গাড়িতে জাতীয় পতাকা থাকবে না।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রেস সচিব।
তিনি বলেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা সবাই উপস্থিত থাকবেন এবং শপথের দিন তারা জাতীয় পতাকাবাহী গাড়িতে অনুষ্ঠানস্থলে যাবেন। শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পর একই গাড়িতে তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হবে, তবে তখন গাড়িতে আর জাতীয় পতাকা থাকবে না।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের দেশত্যাগ প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম জানান, উপদেষ্টারা বর্তমানে সবাই দেশেই অবস্থান করছেন।