Skip to main content

Ridge Bangla

তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ জয়লাভ করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত এবং বাংলাদেশের নির্বাচনে তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমান যে প্রচেষ্টা চালাবেন, সে জন্য তিনি শুভকামনা ও সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায়ও বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।

This post was viewed: 38

আরো পড়ুন