Skip to main content

Ridge Bangla

ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী অফিসে হামলায় বাবা-ছেলেসহ আহত ৪

ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের থানা রোড এলাকায় এ হামলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে। এতে চারজন গুরুতর আহত হন।

স্থানীয়দের ভাষ্য, ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থী আবু তালিব নির্বাচিত হওয়ার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরদিন সকালে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত হয়েছেন কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি কর্মী খোকন হোসেন এবং তার ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইবন হোসেন। তারা সবাই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। গুরুতর আহত ইবন হোসেনকে পরবর্তীতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, ঘটনার আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। হামলার পরও পুলিশ বিলম্বে ঘটনাস্থলে পৌঁছায় বলে তার দাবি। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান।

অন্যদিকে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

This post was viewed: 48

আরো পড়ুন