ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় প্রার্থীর বিজয় নিশ্চিত করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, “মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, আতিক মুজাহিদ, আব্দুল্লাহ আল আমিন- শাপলা কলির বিজয়ী ৬ জন। আলহামদুলিল্লাহ। সংখ্যা আরও বাড়বে ইনশাআল্লাহ।”
এনসিপির সূত্রে জানা গেছে, আরও কিছু আসনে দলের প্রার্থীরা জয়ী হওয়ার পথে রয়েছেন। দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সকল নেতাকর্মীকে ফলাফল ঘোষণার আগে পর্যন্ত ভোটকেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন। যদিও ভোটগ্রহণ সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে, তবুও ফলাফলে কারচুপির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র।
বেসরকারি ফলাফলের ভিত্তিতে জানা গেছে, বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসুদ, কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন।