ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকায় গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল বৃহস্পতিবারের ভোটকে কেন্দ্র করে পুরো মহানগর এলাকাকে নিরাপত্তার বলয়ে আনা হয়েছে। সাধারণ টহল ও নিয়মিত দায়িত্বের পাশাপাশি মাঠে থাকছে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট, কে-৯ (ডগ স্কোয়াড) ও বোম্ব ডিসপোজাল টিম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে ডিএমপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে ঢাকায় ডিএমপির মোট ২৬ হাজার ৫১৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। ভোটকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সোয়াট টিম, কে-৯ ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ভ্যান। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।
ডিএমপির এই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার তথ্য বা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি বিবেচনায় রেখে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ভোটারদের উদ্দেশে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নাগরিকরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করেন সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। “আপনারা নিশ্চিন্তে ভোট দিতে আসুন, পুলিশ আপনাদের পাশে আছে।”